রাজধানীর শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় এসব এলাকায় জনসমাগমের কারণে যানজট ও দুর্ভোগের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাধিক কর্মসূচির কারণে শাহবাগ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল একপ্রকার বন্ধ থাকবে। একইসঙ্গে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
কর্মসূচিগুলো:
শাহবাগ মোড়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রসমাবেশ।
শহীদ মিনার: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ।
সোহরাওয়ার্দী উদ্যান: ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে 'জুলাই জাগরণ' শীর্ষক সাংস্কৃতিক উৎসব।
এই কর্মসূচিগুলোর পাশাপাশি রবিবার রাজধানীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার ফলে জনচাপ আরও বাড়বে।
ডিএমপির নির্দেশিত বিকল্প সড়ক ও ডাইভারশন পয়েন্ট:
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরের যানবাহন হেয়ার রোড/মিন্টু রোড ব্যবহার করবে।
কাটাবন মোড়: যানবাহন ডানে নীলক্ষেত/পলাশী অথবা বামে হাতিরপুল হয়ে বাংলামোটর লিংক রোড ব্যবহার করবে।
মৎস্য ভবন মোড়: যানবাহন হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী হয়ে চলবে।
কাকরাইল মসজিদ ক্রসিং: যানবাহন হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে।
টিএসসি/রাজু ভাস্কর্য: যান চলাচল দোয়েল চত্ত্বর ও নীলক্ষেত দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রাস্তা: যথাসম্ভব পরিহার করার অনুরোধ।
পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ: ডিএমপি জানিয়েছে, এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে হবে।
ডিএমপি নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে।





