ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীতে নতুন নকশার আধুনিক পুলিশ বক্স নির্মাণ করছে। এসব বক্স পরিবেশবান্ধব এবং পথচারীদের চলাচলের জন্য সুবিধাজনক হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ রোববার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। সজীব ভূঁইয়া জানান, নতুন পুলিশ বক্সগুলো ২০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া ও ৮ ফুট উঁচু ইনসুলেটেড কনটেইনারে নির্মিত হবে। প্রতিটি ইউনিটে রয়েছে পর্যাপ্ত আলো, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় দাপ্তরিক আসবাবপত্র। পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের অংশ হিসেবে প্রতিটি ইউনিটে সংযুক্ত করা হয়েছে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি), যা ময়লা ও দূষিত পানি পরিশোধন করে পুনর্ব্যবহারযোগ্য করবে, যেমন বাগান পরিচর্যা ও অন্যান্য কাজে ব্যবহার। প্রথম পুলিশ বক্স উদ্বোধন হবে আগারগাঁওয়ে এই মাসেই। এছাড়া আরও পাঁচটি ইউনিট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পরবর্তী পর্যায়ে রাজধানীর সব স্থানে একই ধরনের পুলিশ বক্স স্থাপন করা হবে। সজীব ভূঁইয়া জানান, এই উদ্যোগের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন নগর ব্যবস্থাপনায় আধুনিক, টেকসই এবং নাগরিকবান্ধব দৃষ্টান্ত স্থাপন করছে।
সংবাদ লোড হচ্ছে...





