রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় চলমান কমপ্লিট শাটডাউনের প্রেক্ষিতে আসন্ন রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।

সোমবার (২২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, “পোষ্য কোটা ইস্যু এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউনের কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনুপস্থিত। অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছে। এই পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বরের রাকসু নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে করা সম্ভব নয়। আমরা চাই, পূজার পর উৎসবমুখর ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।”

আগামী ২৫ সেপ্টেম্বর ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কথা রয়েছে। এবারের নির্বাচনে আলোচিত দুই প্রধান শক্তি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার রাকসু নির্বাচনকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ছাত্রদল কৌশলী প্যানেল ও ভিন্নধাঁচের প্রচারণার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে।