রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদের জন্য এবং হল অফিস থেকে হল সংসদের ফরম সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
শুরুর দুই ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
দিনভর প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদের জন্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, ‘নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি।’
এবার কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২৩টি পদে, সিনেট ছাত্র প্রতিনিধি ৫টি পদে এবং হল সংসদের ১৭টির মধ্যে ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন ফরম বিতরণ চলবে ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ২৮ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।





