দীর্ঘ প্রায় তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী: ৩১ জুলাই: আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট: খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০–১২ আগস্ট: আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭–১৯ আগস্ট: মনোনয়নপত্র বিতরণ, ২১, ২৪ ও ২৫ আগস্ট: মনোনয়নপত্র দাখিল, ২৭–২৮ আগস্ট: মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর: আবাসিক হলে ভোট গ্রহণ, এরপরই ভোট গণনা ও ফলাফল ঘোষণা।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, “রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার ও নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রায় সাড়ে তিন দশক পর এই নির্বাচন আমাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”
তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করেছি। ইনশাআল্লাহ, ভোট গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত কোনো অঘটন ঘটবে না।”
তফসিল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান, নির্বাচন কমিশনার ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





