চট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল থেকে দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একটি জিপগাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় অন্তত ৫ জন আহত হন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বাধীন একটি মিছিল। একই সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরাও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সেখানে যাচ্ছিলেন। মুখোমুখি হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং একটি জিপগাড়িও ভাঙচুর করা হয়। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে গোলাম আকবর খোন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





