মাগুরা প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে মাগুরা জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় নতুন জেলখানা পাড়া এলাকার জামিয়া রহমানিয়া আজিজিয়া এতিমখানার ১৫ জন শিশুর হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মোঃ মহিউদ্দীন হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা কারাগারের কর্মকর্তা মোঃ ইব্রাহিম এবং এতিমখানার সুপার হাফেজ মাহবুবুর রহমান।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৯০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১৫ কেজি ডাল, ১০ কেজি ছোলা ও ১০ কেজি চিড়া। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেনের নির্দেশনায় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছায় প্রদত্ত সরকারিভাবে প্রাপ্ত মৌলিক রেশন থেকে এসব খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও মাগুরা জেলা কারাগার বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিশুদের হাতে আম, কাঁঠাল, লিচু ও গরুর দুধসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।





