অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে এই তথ্য জানান ড. ইউনূস।
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, ড. ইউনূস আইএমএফ প্রধানকে জানিয়েছেন, নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
ড. ইউনূস বলেন, “আমরা একটি বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।”
আইএমএফ প্রধান জর্জিয়েভা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “অল্প সময়ে তিনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি সবচেয়ে বেশি ছিল, তখন তিনি দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”
ড. ইউনূস উল্লেখ করেন, ব্যাংকিং খাতের সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশকে এই সময় শক্ত অবস্থানে রাখতে সাহসী সংস্কার অনিবার্য।”
এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।





