রমজান মাসের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট সমাধান হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, বাজারে এলপিজির ভারসাম্য ফিরিয়ে আনতে সরকার বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রাহকরা যাতে সহনীয় দামে এলপিজি পায়, তা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-কে ইতিমধ্যেই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কেউ যদি সরবরাহ কমিয়ে দিয়ে সরকারের ওপর নির্বাচনের আগে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করে, তা সঠিক নয়।
এলপিজি আমদানিকারক ব্যবসায়ীরা জানান, আগে ইরান থেকে এলপিজি সরবরাহ হতো। কিন্তু ইরানের এলপিজি বহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটেছে। ব্যবসায়ীরা বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার বিষয়েও কাজ করছে।





