‘মথ’ ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বাজারজাত করার অভিযোগে সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

রোববার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ‘মথ’ নামে ডালের সঙ্গে হলুদ রং টারটাজাইন মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি করা হচ্ছে। এই রং খাদ্যে ব্যবহারের অনুমোদিত নয় এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত অর্থবছরে দেশে মুগ ডালের তুলনায় দ্বিগুণ মথ ডাল আমদানি করা হলেও বাজারে মথ নামে কোনো ডাল পাওয়া যায়নি। বাজারে মুগ ডাল নামে বিক্রি হওয়া বেশিরভাগ ডালের নমুনায় রঙ মেশানো প্রমাণ মিলেছে।

খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যে অননুমোদিত রং ব্যবহার, আমদানি, মজুদ বা বিক্রি ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ২৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাই রং মেশানো ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ বা বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ক্রেতাদের মুগ ডাল কেনার সময় ডালের রং ও বিশুদ্ধতা যাচাই করে নিশ্চিত হওয়ার পর ক্রয় করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।