নির্বাচন সামনে আসায় বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর পক্ষ থেকে প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে এলে কোনো পক্ষ অসন্তুষ্ট হলে এ ধরনের অভিযোগ করে থাকে, যা নতুন নয়। অতীতেও এমন অভিযোগ দেখা গেছে। তবে মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, সে ক্ষেত্রে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল বা কর্মকর্তাদের বদলি নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে তিনি জানান, আপাতত সরকার এ নিয়ে কিছু ভাবছে না। তবে বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন যদি কাউকে বদলি বা রদবদলের প্রয়োজন মনে করে, তাহলে কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বর্তমান প্রশাসনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। তার মতে, বিদ্যমান জনবল ও কাঠামো দিয়েই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। তিনি অহেতুক অভিযোগে বিভ্রান্ত না হয়ে প্রশাসনকে স্বাভাবিকভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।