কড়া নজরদারি, সীমান্তে সতর্কতা এবং ধরতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণার মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান দুই সন্দেহভাজন দেশ ছেড়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজধানী থেকে কৌশলে বেরিয়ে তারা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে।


সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্তঘেঁষা উপজেলা হালুয়াঘাট দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়। এ কাজে সহায়তাকারী দুই দালালকে ঢাকা মহানগর পুলিশ আটক করেছে। তবে রোববার রাত পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজনদের দেশত্যাগের বিষয়টি স্বীকার করা হয়নি।


এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলি ছোড়ে ফয়সাল এবং মোটরসাইকেল চালাচ্ছিল আলমগীর। ঘটনার পরদিন ফয়সালের ছবি প্রকাশ করে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়। রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।


তদন্ত কর্মকর্তারা জানান, হামলার পরপরই দুই সন্দেহভাজন রাজধানীর ভেতরে একের পর এক স্থান পরিবর্তন করে। কালভার্ট রোড থেকে নয়াপল্টন, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে তারা আগারগাঁও অতিক্রম করে মিরপুরে পৌঁছায়। সেখান থেকে প্রাইভেটকারে করে তারা ঢাকা ছাড়ে।


আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকার সূত্র বলছে, মিরপুর থেকে তারা আশুলিয়া ও গাজীপুর হয়ে সড়কপথে ময়মনসিংহে যায়। সেখানে ব্রিজপাড় এলাকায় বাহন বদলে আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাটের দিকে রওনা দেয়। হালুয়াঘাটের ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে গাড়ি থামানোর পর তিন যুবকের সহায়তায় মোটরসাইকেলে করে তারা ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় পৌঁছায়।


সীমান্ত এলাকায় কিছু সময় অবস্থানের পর রাত আনুমানিক আড়াইটার দিকে তারা ভুটিয়াপাড়া সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা এলাকায় প্রবেশ করে। স্থানীয় সূত্রের দাবি, গতকাল পর্যন্ত তারা ওই এলাকাতেই ছিল।


তদন্তে আরও জানা গেছে, পুলিশের নজর এড়াতে সন্দেহভাজনরা নিজেদের ডিজিটাল ডিভাইস সঙ্গে না রেখে সেগুলো সচল অবস্থায় বিভিন্ন স্থানে রেখে দেয়। ফলে প্রযুক্তির সহায়তায় ডিভাইসের অবস্থান ধরে পুলিশ যখন ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল, তখন তারা রাজধানী ছেড়ে অনেক দূরে চলে যায়।


এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্তদের বৈধভাবে বিদেশে যাওয়ার কোনো তথ্য ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। তিনি জানান, ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশযাত্রার রেকর্ড অনুযায়ী, তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। এরপর তার দেশত্যাগের কোনো তথ্য নেই।


তিনি আরও বলেন, শেরপুরের নালিতাবাড়ী এলাকা দিয়ে অবৈধ সীমান্ত পারাপারে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে র‌্যাব-২ গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি গুরুতর অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টা, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।