আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।


\r\n

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


\r\n

এর আগে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে জাতীয় রাজনীতিতে ইসলামপন্থি দলগুলোর আসন সমঝোতার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসার প্রত্যাশা করা হয়েছিল।


\r\n

সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার কারণ জানতে গেলে, জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের এক সিনিয়র নেতা জানান, মূলত জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে চলমান জটিলতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে। ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে অংশ নিতে চায়নি বলেও তিনি উল্লেখ করেন।


\r\n

তিনি আরও বলেন, “আমরা জামায়াতকে বলেছি, সকল শরিক দলের সঙ্গে আলোচনা করে জটিলতা নিরসনের মাধ্যমে সংবাদ সম্মেলন আয়োজন করা হোক। আশা করি সমস্যার সমাধান হবে। আমরা চেষ্টা করছি।”


\r\n

উল্লেখ্য, ১১ দলীয় জোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাশাপাশি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।