ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, তিনি এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে সম্প্রতি ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়াকে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে খালেদা জিয়া ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী হবেন এবং নেতাকর্মীরা তাঁকে ঘিরে মাঠে ঐক্যবদ্ধ থাকবেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলায়। ফেনীর এ আসন থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।





