জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু পদত্যাগ করেছেন। ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণার কিছুক্ষণ পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা দেন।
শনিবার (৮ নভেম্বর) রাতে আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত ফেসবুক পোস্টে কমিটিতে কাউসার মৃধাকে আহ্বায়ক ও আমিন মোহাম্মদ জিতুকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।
পদত্যাগের ঘোষণা পোস্টে জিতু লিখেছেন, “আমি ব্যক্তিগত কিছু বিশেষ কারণে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি না। সংগঠনের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হওয়া এবং দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব এমন কাউকে সুযোগ দেওয়ার স্বার্থে আমি সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করছি। সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং ভবিষ্যতেও তার অগ্রযাত্রায় পাশে থাকার চেষ্টা করবো।”
এ বিষয়ে জানতে চাইলে জিতু ঢাকা পোস্টকে বলেন, “দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমি আসলে রাজনীতি করতে চাই না। তাই ফেসবুকে পদত্যাগপত্র দিয়েছি। রোববার আনুষ্ঠানিকভাবে ঢাকায় গিয়ে পদত্যাগপত্র জমা দেব।”





