যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক বৃহস্পতিবার এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম গত মঙ্গলবার খাদিজার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। তবে মামলার মূল নথি না থাকার কারণে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। আজ মূল নথি সাপেক্ষে রিমান্ড শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর মেয়ে খাদিজা রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তার করতে চাইছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা আরিফকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতেন। এ প্রেক্ষাপটে সুব্রত বাইন ও খাদিজার পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়। খাদিজার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত এখনও চলমান।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, আরিফ ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহক্রীড়া সম্পাদক ছিলেন। ১৯ এপ্রিল রাতের দিকে হাতিরঝিল থানার দি ঝিল ক্যাফের সামনে তাঁকে গুলি করা হয়। আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন।
গুলির ঘটনার পর আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন। আরিফের মৃত্যু হওয়ায় মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়। এই মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত মে মাসে কুষ্টিয়া শহর থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। তাঁর মেয়ে খাদিজাকে সোমবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।





