নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে বিবাদে এক যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এটি ঘটে।
নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, শনিবারের একটি দলীয় কর্মসূচি সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা করেন। সভার সময় কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ এবং যুবদল কর্মী রাজিব হোসেনের মধ্যে তর্ক শুরু হয়।
পরবর্তীতে রাজিব ও তার সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, আজহার, যুবদল সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। এই হামলায় আজহার গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির নেতারা আজহারের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগতব্যবস্থা গ্রহণ করা হবে।





