ইরান-ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে নিজের ছেলের বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এমন উৎসব আয়োজনকে কেন্দ্র করে শুরু হওয়া সমালোচনার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
\r\nরবিবার (১৫ জুন) টাইমস অব ইসরায়েলের বরাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহু সোমবার (১৬ জুন) দীর্ঘদিনের সঙ্গী অমিত ইয়ার্দেনি-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল।
\r\nবিয়ের আয়োজন করা হয়েছিল তেলআবিবের কাছে অভিজাত এলাকা রোনিত ফার্মে, যেখানে আমন্ত্রিত ছিলেন কয়েক শত অতিথি। তবে আলোচনার বিষয় হয়ে ওঠে, এমন একটি ঘনঘোর যুদ্ধ পরিস্থিতিতে কেন প্রধানমন্ত্রীর পরিবারের এমন জমকালো আয়োজনে ব্যস্ততা।
\r\nসমালোচকদের অভিযোগ, গাজায় এখনও বহু ইসরায়েলি নাগরিক জিম্মি অবস্থায় রয়েছে, সেখানে নেতানিয়াহু পরিবারের বিয়ে উদযাপন ‘অসময়োচিত’।
\r\nনিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনুষ্ঠানের স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় সড়ক অবরোধ ও কাঁটাতারের বেড়া তৈরি করে। এমনকি কিবুৎজ ইয়াকুম থেকে ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
\r\nচাপে পড়ে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।





