ইরানের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের ইঙ্গিত পাওয়ার পর ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ মঙ্গলবার (২৪ জুন) এক পোস্টে তিনি লিখেছেন, “ইসরায়েল, ওই বোমাগুলো নিক্ষেপ করো না। যদি করো, এটা বড় ধরনের চুক্তিভঙ্গ হবে। তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে নাও!”


এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সোমবার রাতে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, যুদ্ধবিরতি তৎক্ষণাৎ কার্যকর এবং কেউ যেন তা ভঙ্গ না করে।


গত ১২ জুন রাতে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হয় দুই দেশের সরাসরি সংঘাত। জবাবে ইরানও ইসরায়েল লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ এবং ইসফাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।


সবশেষ সোমবার কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।


তবে এর পরেও ইসরায়েল দাবি করে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ সেনাবাহিনীকে তেহরানের শাসকগোষ্ঠীর ওপর জোরালো হামলার নির্দেশ দেন।


ইরান অবশ্য যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: রয়টার্স, বিবিসি, দ্য গার্ডিয়ান