গাজা, ১১ অক্টোবর — গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে স্থানীয় সিভিল ডিফেন্স সংস্থা।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার বলেন, ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই শহরে ব্যাপক জনস্রোত দেখা যায়। তিনি এএফপিকে জানান, “গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।”
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে ঢাকা গাজা শহর আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে। তবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে শহরের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় ইতিমধ্যে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্থানীয় সূত্র জানিয়েছে। ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অধিকাংশ নাগরিক অবকাঠামো।
যুদ্ধবিরতির আগে ইসরায়েলের বোমাবর্ষণ ও স্থল অভিযানে প্রায় সাত লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। এখন তারা ধীরে ধীরে নিজেদের ভাঙা ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন, যদিও নিরাপত্তা ও মানবিক সহায়তার অভাব রয়ে গেছে।





