যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হেনেছে। প্রবল তুষারপাত, ঝোড়ো হাওয়া ও ঘন বরফ জমার আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, শনিবার অন্তত ৩ হাজার ৪০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। রোববারের জন্য আরও ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শীতকালীন ঝড়ের কারণে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। খবর আল জাজিরার।


আবহাওয়াবিদদের আশঙ্কা, টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বরফের পুরু আস্তরণ জমতে পারে, যা বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রিডিকশন সেন্টারের আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান বলেন, এটি চলতি মৌসুমের সবচেয়ে ভয়ংকর ও বিস্তৃত শীতকালীন ঝড়।


ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এমন পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যেই হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।


\r\n\r\n\r\n\r\n

টেক্সাসসহ একাধিক অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় ইউটিলিটি সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেডারেল সরকার রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।