যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের ধাক্কা কাটতে না কাটতেই আরও একটি শক্তিশালী শীতল ঝড় ধেয়ে আসছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘বম্ব সাইক্লোন’ নামে পরিচিত এই ঝড় আগামী ১ ফেব্রুয়ারি দেশটির বিভিন্ন অংশে আঘাত হানবে। ঝড়ের প্রভাবে ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।
জাতীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বলা হয়েছে, ঝড়টি ফ্লোরিডা থেকে শুরু হয়ে দক্ষিণ-পূর্বাঞ্চল, নিউইয়র্ক, নিউইংল্যান্ড এবং উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রোববার থেকে শুরু হওয়া তাণ্ডব পরদিন সোমবার পর্যন্ত চলতে পারে। তাপমাত্রা অনেক জায়গায় ১৯ ডিগ্রি ফারেনহাইটের নিচে নামতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি করবে।
ঝড়ের প্রভাবে ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, টেনেসি, ভার্জিনিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ডিসি, পেনসিলভেনিয়া, নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ হ্যামশায়ার, রোড আইল্যান্ড ও মেইন হয়ে কানাডা পর্যন্ত ব্যাপক তুষারপাত হতে পারে। বাতাসের গতি ৩০ থেকে ৭০ মাইল প্রতি ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।
এর আগে ২৪-২৬ জানুয়ারি তুষারঝড়ে অন্তত ১৫টি রাজ্যে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন নিউইয়র্ক সিটিতে মারা গেছেন। এছাড়া ইন্ডিয়ায় ৯, লুইজিয়ানায় ৮, টেনেসিতে ৮, টেক্সাসে ৮, মিসিসিপিতে ৪, পেনসিলভেনিয়ায় ৪, আরকানসাসে ২ এবং ম্যাসাচুসেটসে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া কানসাস, কেন্টাকি, মিশিগান, নিউজার্সি, ওহাইও ও সাউথ ক্যারোলিনাতে একজন করে নিহত হয়েছেন।
তুষারঝড়ের কারণে ইতিমধ্যে প্রায় ১৯ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, তিন দিনের লাগাতার তুষারঝড়ে অর্থনৈতিক ক্ষতি কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।





