মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। আগের আমদানি চুক্তি অনুযায়ী যেসব চালান আসার কথা ছিল, তার কিছু ইতোমধ্যে স্থগিত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Paul Kapur-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছে।


জ্বালানি মজুদের বিষয়ে তিনি জানান, সংরক্ষিত জ্বালানি কীভাবে সাশ্রয়ীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির প্রচেষ্টাও চলছে। বর্তমান মজুদ দিয়ে মার্চ মাস পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও ঈদের সময় পর্যন্ত সংকট অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


তবে অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না বলে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, বিদ্যুতের অপচয় রোধে সবার সচেতনতা জরুরি।