মোহাম্মদ হানজালা শার্শা-বেনাপোল প্রতিনিধি।
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ মার্চ) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কাশিপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৫৪০ বোতল এসকাফ সিরাপ, ১৫৯টি শাড়ি, ৮টি কম্বল এবং ১ হাজার ৭৪২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং অবৈধ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





