যশোর প্রতিনিধি :যশোর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে রাসুল (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক “সীরাত বিষয়ক প্রতিযোগিতা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) যশোর শহরের একটি স্বনামধন্য অডিটোরিয়ামে ক্বীরাত, হামদ ও নাত বিষয়ে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। মাসব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে উত্তীর্ণ শিল্পীরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল। বক্তব্যে তিনি বলেন, “১৯৮০ সাল থেকে কবি মতিউর রহমান মল্লিকের হাত ধরে শুরু হওয়া সুস্থ ধারার এই সাংস্কৃতিক কর্মকাণ্ড আজও অব্যাহত রয়েছে। আমরা চাই, যশোর সংস্কৃতি কেন্দ্রের মাধ্যমে সীরাতভিত্তিক সাংস্কৃতিক চর্চা জেলার প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে যাক।”
তিনি শিল্পী ও দায়িত্বশীলদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা। তিনি সংগঠনকে শক্তিশালী করা এবং শিল্পীদের মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় যশোর সংস্কৃতি কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিচারকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের নির্বাহী সদস্য মু. মাহ্দী হাসান। শেষে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে বিজয়ীদের নাম প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।





