যশোর জেলার সংসদীয় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে ‘গভীর ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। দলটির নেতারা বলছেন, এটি আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা মাত্র।
বুধবার (২০ আগস্ট) যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
তিনি বলেন, “যশোরের আসনভিত্তিক এলাকাগুলোতে বহুদিন ধরে একটি সামাজিক ও নির্বাচনী সম্প্রীতি বিদ্যমান। ভোটারদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও সাংগঠনিক ঐক্য গড়ে উঠেছে। এখন এই পুনর্বিন্যাসের মাধ্যমে সেই ঐতিহ্য ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
বিএনপি নেতারা অভিযোগ করেন, “জনগণের মতামত উপেক্ষা করে একতরফাভাবে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ গণতন্ত্র, আইন এবং সংবিধানের পরিপন্থী। যেকোনো মূল্যে এমন সিদ্ধান্ত প্রতিহত করা হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, আনজারুল হক খোকন, কাজি আজম, সিরাজুল ইসলাম, এম তমাল আহমেদ ও আনসারুল হক রানা।
সংবাদ সম্মেলনের আগে যশোর-৩ আসনের সাধারণ জনগণ আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে গণমিছিল করে এবং জেলা নির্বাচন অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান করে। কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
পরে জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি অভয়নগর উপজেলার সুকৃতি মন্ডল নামে এক ব্যক্তি যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা পুনর্বিন্যাসের আবেদন করেন। নির্বাচন কমিশন এই আবেদনের শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছে। বিএনপির অভিযোগ, নির্ধারিত সময়ের বাইরে আবেদন গ্রহণ ও শুনানি কার্যক্রম শুরু করায় নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার ষড়যন্ত্র করা হচ্ছে।





