তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেন দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে শাহবাগ থেকে যাত্রা শুরুর পরই পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে শিক্ষার্থীরা পিছু হটে।

ঘটনাটি ঘটে আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে। এর আগে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে বন্ধ হয়ে যায় শাহবাগসহ আশপাশের সড়ক।

দুপুরের দিকে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর শিক্ষার্থীরা পিছু হটে এবং অন্যত্র অবস্থান নেয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার চার বছর মেয়াদ পুনর্বহাল, কারিগরি শিক্ষার উন্নয়নে বাজেট বরাদ্দ এবং প্রকৌশল ডিগ্রিধারীদের চাকরিতে ন্যায্য মূল্যায়ন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে অতিরিক্ত পুলিশ।

(আরও তথ্য আসছে...)