ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের তর্কাতর্কি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার পরপরই ক্যাজুয়ালটির ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সমালোচনার ঝড় তুলেছে।


\r\n

শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রসংক্রান্ত রোগের চিকিৎসায় নতুন অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে যোগ দিতে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মহাপরিচালক। সেমিনারে যাওয়ার আগে তিনি জরুরি বিভাগ পর্যবেক্ষণ করেন এবং সেবার মান, রোগী ব্যবস্থাপনা, স্টাফদের উপস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন।


\r\n

এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট ও অতিরিক্ত চাপের কথা তুলে ধরতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত তর্ক শুরু হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।


\r\n

তর্কের পরই ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন মহাপরিচালক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনের সময় ডিজি স্যার ও ডা. ধনদেব বর্মনের মধ্যে অনাকাঙ্ক্ষিত বাকবিতণ্ডা হয়েছে, যা অবশ্যই অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।