টানা দুই টেস্টে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে লর্ডসে যেখানে এই স্বীকৃতি তাকে আনন্দ দিয়েছিল, ম্যানচেস্টারে সেটাই যেন হয়ে উঠেছে হতাশার প্রতীক। কারণ, এবার ম্যাচ জিততে পারেনি তার দল। অনেক চেষ্টা করেও ভারতের বিপক্ষে জয় অধরাই থেকে গেছে ইংল্যান্ডের জন্য।

\r\n

ম্যাচসেরা হলেও খুশি নন স্টোকস। পুরস্কার নিতে গিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জিততে না পারায় এই স্বীকৃতির কোনো মূল্য নেই তার কাছে। ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট এবং নিজের ব্যাটে দুর্দান্ত সেঞ্চুরি করা এই অলরাউন্ডার বলেন, “একজন অলরাউন্ডারের কাছে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে দলের জয়। আমরা সেটা পাইনি, তাই এই পুরস্কারের কোনো দাম নেই।”

\r\n

প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৩১১ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত। তারা ব্যাট করে ১৪৩ ওভার এবং হারায় মাত্র ৪টি উইকেট। ইংল্যান্ডের জয়ের আশা কিছু সময়ের জন্য তৈরি হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবে রূপ নেয়নি।

\r\n

স্টোকস বলেন, “ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা যেভাবে ব্যাট করেছে, তা ছিল অসাধারণ। কয়েকবার মনে হয়েছিল ম্যাচ বের করে নিতে পারি। কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে কেন তারা এত শক্তিশালী দল।”

\r\n

পঞ্চম দিনে লোকেশ রাহুলকে ৯০ রানে আউট করে ইংল্যান্ডের জয়ের দরজা খুলে দিতে চেয়েছিলেন স্টোকস। শুভমান গিলকেও চাপে ফেলেছিলেন। কিন্তু বাঁহাতি ব্যাটার জাদেজা ও সুন্দরকে থামাতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, “পিচে ডানহাতিদের জন্য কিছুটা অসমান বাউন্স ছিল, সেটা কাজে লাগিয়েছি। কিন্তু বাঁহাতিদের বিপক্ষে সেই সুবিধা পাইনি।”

\r\n

তিনি আরও জানান, বোলারদের ওপর প্রচুর চাপ পড়েছে। ম্যাচে ইংল্যান্ড বোল করেছে ২৫৭ ওভার। পেসাররা ছিলেন ক্লান্ত। তাই শেষদিকে জো রুট ও হ্যারি ব্রুকের মতো পার্ট টাইমারদের বল হাতে নিতে হয়েছে।