রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার এক সাংবাদিকের মোবাইল ফোন উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন— ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। মোহাম্মদপুর থানা সূত্র জানায়, এদের মধ্যে ইউসুফই মূল পরিকল্পনাকারী ও হামলাকারী। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন— এসআই জসিম উদ্দিন, এসআই আনারুল, কনস্টেবল মাজেদুল ইসলাম ও মো. নুরুন্নবী। তাদেরকে থানা থেকে সরিয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
ছিনতাইয়ের শিকার সাংবাদিক আহমাদ ওয়াদুদ জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি সস্ত্রীক রিকশাযোগে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়সংলগ্ন একটি গলিপথ দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী চাপাতি দেখিয়ে পথরোধ করে। এরপর তারা তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং চাপাতির আঘাতে তিনি আহত হন।
পরে তিনি থানা পুলিশের কাছে সহায়তা না পেয়ে ঘটনার বিবরণ ফেসবুকে প্রকাশ করলে তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পুলিশের গাফিলতির কারণে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলমান রয়েছে।





