ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আলবোর্জ প্রদেশ থেকে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়, যখন তারা বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুত করছিল।

\r\n

নিরাপত্তা বাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিরা ‘বিদেশি নির্দেশনায়’ ইরানের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনায় যুক্ত ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, সন্দেহজনক নথিপত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র উদ্ধার করা হয়েছে।

\r\n

গ্রেপ্তারকৃতদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ না করা হলেও, কর্তৃপক্ষ জানিয়েছে—তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের দেশীয় আইন অনুযায়ী বিচার করা হবে।

\r\n

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি, বিজ্ঞানীদের হত্যাকাণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পেছনে মোসাদের সক্রিয় ভূমিকা রয়েছে। বিশেষ করে ২০২০ সালে তেহরানে শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার ঘটনায় সরাসরি ইসরায়েলকে দায়ী করেছিল তেহরান।

\r\n

এছাড়াও, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্পর্শকাতর কেন্দ্রে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোসাদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ইরান। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটি নিয়মিতভাবে নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা তৎপরতা জোরদার করে আসছে।

\r\n

সর্বশেষ এই গ্রেপ্তারের ঘটনাটি ইরান-মোসাদ সংঘাতের ধারাবাহিকতায় নিরাপত্তা বাহিনীর সক্রিয় তৎপরতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ এখন আরও জটিল ও সংঘাতপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যার প্রভাব মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।