পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী নীতিই পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। কারাবন্দি ইমরান খান আদিয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে আলাপের সময় এই মন্তব্য করেন। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
\r\nইমরান খান বলেন, \"যদিও আমরা এই ভুয়া সরকারকে প্রত্যাখ্যান করি, তবুও গোটা জাতি আজ একতাবদ্ধ হয়ে মোদির যুদ্ধপ্রবণতা এবং তার বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই মনোভাব পুরো দক্ষিণ এশিয়ার শান্তির জন্য হুমকি।\"
\r\nএই বক্তব্য পরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
\r\nতিনি আরও বলেন, \"ভুয়া ফর্ম-৪৭ এর মাধ্যমে গঠিত এই অবৈধ সরকার দেশের জনগণকে বিভক্ত করেছে। তবে মোদির আগ্রাসী আচরণ জাতীয় স্বার্থে জনগণকে একত্রিত করেছে।\"
\r\nকাশ্মির ইস্যুতে ভারতের অবস্থান নিয়েও ইমরান খান কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, \"সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার প্রকৃত তদন্তের বদলে ভারত পাকিস্তানকে দায়ী করছে, যেমনটা তারা ২০১৯ সালের পুলওয়ামা হামলার সময় করেছিল। সেই সময়ও আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ভারত কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আজ আবার সেই চিত্রই দেখা যাচ্ছে।\"
\r\nকাশ্মির প্রসঙ্গে ইমরান খান বলেন, \"কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতিসংঘের প্রস্তাবে স্বীকৃত। আমরা বরাবরই তাদের অধিকার রক্ষার পক্ষে ছিলাম এবং থাকব।\"
\r\nভারতের বর্তমান সরকারকে আরএসএস-এর চরমপন্থি মতাদর্শ দ্বারা পরিচালিত বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এটি শুধু উপমহাদেশ নয়, গোটা বিশ্বের জন্যই হুমকিস্বরূপ। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মিরে দমন-পীড়ন বেড়েছে এবং কাশ্মিরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও জোরদার হয়েছে।
\r\nপেহেলগাম হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানিয়ে ইমরান খান বলেন, \"দুঃখজনকভাবে, ভারত প্রকৃত তদন্তের পথে না গিয়ে বরাবরের মতোই পাকিস্তানকে দোষারোপ করছে।\"





