নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু তালিকা থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম বাদ পড়েছে। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন পুলিশের অনুমতি সময়মতো না পাওয়ায় এবং বিসিসিআইয়ের বারবার দেওয়া সময়সীমা অতিক্রম হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচগুলো মুম্বাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলকে বিসিসিআই এ তথ্য জানিয়েছে।
এ পরিবর্তনের প্রভাব পড়বে বাংলাদেশ নারী দলের ওপরও। গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের।
বেঙ্গালুরুতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল এবং সম্ভাব্য ফাইনালও হওয়ার কথা ছিল। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল হবে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এবং পাকিস্তানের বাকি ম্যাচও সেখানেই হবে।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের তারিখে কোনো পরিবর্তন হবে না। টুর্নামেন্ট ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। নতুন সূচি শিগগিরই প্রকাশ করা হবে। ভারত পর্বে তিনটি ভেন্যু—ইন্দোর, বিশাখাপত্তম, গুয়াহাটির সঙ্গে মুম্বাই যুক্ত হয়েছে।
গত জুনে বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ দর্শকের মৃত্যু ঘটে। রাজ্য সরকার বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দায়িত্বহীনতার জন্য দায়ী করে এবং ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। এই কমিটি স্টেডিয়ামটিকে ‘অরক্ষিত’ ঘোষণা করে এবং তারপর থেকে কোনো বড় ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় পুলিশও অনুমতি দেয়নি।
অগ্নিনির্বাপণ নীতিমালা মানা না হওয়ায় স্টেডিয়ামটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এছাড়া রাজ্যের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মহারাজা টি-টোয়েন্টিও মহীশূরে সরিয়ে নেওয়া হয়। প্রথমে বিকল্প ভেন্যু হিসেবে কেরালার তিরুবনন্তপুরম বিবেচনা করা হলেও সরাসরি ফ্লাইট না থাকায় শেষ পর্যন্ত মুম্বাই নির্বাচন করা হয়।





