চাঁদপুরে মতলব উত্তরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় জাকির হোসেন মিয়াজী (৪৫) নামের কৃষক পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
টানা ১৩ দিন হাসপাতালে থাকার পর রবিবার (৭ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
দাম্পত্য জীবনে জাকিরের স্ত্রী, তিন মেয়ে এবং দুই ছেলে রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, জাকির হোসেন মিয়াজির দ্বিতীয় মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করতো। অভিযুক্তদের মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেন মিয়াজির ছেলে ফাইম মিয়াজী, মো. সাফিন (২৩), রিফাত বেপারী ও রিয়াদ শিকদারসহ আরও কয়েকজন। এ ঘটনায় জাকির হোসেন মিয়াজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন।
এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার ওপর হামলা চালায়। হামলায় জাকির মিয়াজী মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে চিকিৎসকদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।





