মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খানের ব্যবহৃত একটি মাইক্রোবাস থেকে অস্ত্র ও সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্টে গাড়িটি তল্লাশি করে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন- বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক।


মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬ নম্বরের সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস তল্লাশি করা হয়। এ সময় গাড়িটি থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকিটকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।