মিশরের শারম এল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শান্তি উদ্যোগের বাইরে দুই নেতার এই অনানুষ্ঠানিক কথোপকথনের মুহূর্তটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা ইহলাস নিউজ এজেন্সি প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এরদোগান মেলোনির উদ্দেশে বলেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি, আপনি খুব সুন্দর লাগছিলেন। তবে আপনাকে ধূমপান ছাড়তে হবে।”
এ সময় পাশে দাঁড়ানো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মজার ছলে মন্তব্য করেন, “এটা অসম্ভব!”
মেলোনিও হাসতে হাসতে জবাব দেন, “ধূমপান ছাড়লে আমি হয়তো কম সামাজিক হয়ে পড়ব। আমি জানি, আমি জানি... আমি কাউকে হত্যা করতে চাই না।”
মেলোনি এর আগেও স্বীকার করেছিলেন, ধূমপান তার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে কিছুটা সহায়ক ছিল। একটি বইতে তিনি জানান, ধূমপানের সুবাদেই তিনি তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের মতো নেতাদের সঙ্গে সহজে সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এর আগে নিজ দেশেও ধূমপানবিরোধী প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছেন। তাই আন্তর্জাতিক পরিসরেও তিনি একই বার্তা দিতে ছাড়েননি।





