২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফল প্রকাশ করা হয়। এবারের পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ২০,৪৪০ জন পরীক্ষার্থী (৯৮.২১%), অনুপস্থিত ছিলেন ২,১৯২ জন (১.৭৯%), এবং দুইজনকে বহিষ্কার করা হয়েছে। মোট ৮১,৬৪২ জন পরীক্ষার্থী (৬৬.৫৭%) পাশ করেছেন, যার মধ্যে পুরুষ ৩১,১২৮ জন (৩৮.১৩%) এবং নারী ৫০,৫১৪ জন (৬১.৮৭%)।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে কৃতকার্য প্রার্থীর সংখ্যা ৩,৮৫০। এর মধ্যে ১,৭০৭ জন এবার ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, যাদের মধ্যে ৮৮ জন ইতিমধ্যেই বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নেরত।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফল চূড়ান্তকরণ ও পুনঃনিরীক্ষণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’ মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়। সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসন বণ্টন করা হয়েছে প্রার্থীর জাতীয় মেধা ও পছন্দক্রম অনুযায়ী। সংরক্ষিত আসনগুলিতেও প্রার্থীর মেধা ও দাবি অনুযায়ী বাছাই করা হয়েছে।
পরীক্ষার ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, www.dghs.gov.bd
এবং https://result.dghs.gov.bd থেকে দেখা যাবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে ‘MBBS Result 2025–2026’ লিঙ্কে ক্লিক করে রোল নম্বর প্রদান করলে ফলাফল দেখতে পারবেন। এছাড়া ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট করা সম্ভব। মেধাতালিকাও পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে।
ফল চূড়ান্ত করার আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তারা সভা করেন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষার সচিব, দুজন যুগ্ম সচিব, অধিদপ্তরের ডিজি, এডিজি (চিকিৎসা শিক্ষা), পরিচালক (চিকিৎসা শিক্ষা) এবং বুয়েট-ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয়। এতে ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর। তিনি জানান, সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩,০৫১টি। সরকারি মেডিকেল কলেজে ৫,১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে ৬,০০১ এবং ডেন্টাল কলেজে ১,৪০৫টি আসন রয়েছে। এ বছর মোট আবেদনকারী ১,২২,৬৩২ জন, যার মধ্যে ৪৯,০২৮ জন ছেলে এবং ৭৩,৬০৪ জন মেয়ে।





