ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন (২০) নামে এক মেডিকেল ভর্তি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দিন সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না ইয়াসমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২ নম্বর দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মান্নানের মেয়ে এবং সরকারি কেসি কলেজের ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তামান্না ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল মতলেবের বাড়িতে ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতেন। মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে গত সপ্তাহে তিনি গ্রামের বাড়িতে যান।
রোববার সকালে বাসার মালিক অসুস্থতাজনিত কারণে মারা গেলে সেই খবর পেয়ে তামান্না তার বাবা আব্দুল মান্নানকে সঙ্গে নিয়ে তাকে দেখতে যান। ফেরার পথে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ব্যাকা ব্রিজ এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকায় তামান্নার ওড়না পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে তিনি সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। এ সময় তার বাবাও আহত হন।
স্থানীয়রা দ্রুত বাবা ও মেয়েকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তামান্না ইয়াসমিন মারা যান। তার বাবা আব্দুল মান্নান বর্তমানে ওই হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার তামান্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





