মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ এখন আর স্টেশনে গিয়ে করতে হবে না। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে যেকোনো জায়গা থেকেই কার্ডে টাকা যোগ করা যাবে।
মঙ্গলবার সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন হয়।
নতুন ব্যবস্থায় ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করা যাবে, ফলে স্টেশনে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। চাইলে আগের মতো স্টেশন থেকেও রিচার্জ করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার।





