চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত লঞ্চ দুটি হলো জাকির সম্রাট–৩ ও অ্যাডভেঞ্চার–৯।
সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় মেঘনা নদীতে চলাচলরত দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তত চারজনের মৃত্যু হয় এবং আরও পাঁচ থেকে সাতজন আহত হন।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, দুর্ঘটনার সময় নৌপথে ঘন কুয়াশার কারণে চলাচল ব্যাহত হচ্ছিল। এই অবস্থায় হরিনা এলাকায় লঞ্চ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল পর্যন্ত দুজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা চারজনে দাঁড়ায়। আহত হন আরও কয়েকজন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সে কারণে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।





