মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে পদত্যাগ করেছেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।
উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া, মীরকাদিম পৌর) ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন মহিউদ্দিন আহমেদকে সমর্থন করেছেন। কিন্তু তাদের মতামত উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তা কার্যকর করেছেন।
পদত্যাগ করা অন্যান্য নেতাকর্মীর মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবরা যেমন গিয়াসউদ্দিন মেম্বার, জাহাঙ্গীর মাতবর, স্বপন সরকার, এম এ হানিফ, আমিরুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ মোট ২২ নেতাকর্মী।





