মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আরিফ মীর (৩০), তিনি ওই এলাকার খবির মীরের ছেলে।
\r\nপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময় হয়। এতে আওলাদ গ্রুপের কর্মী আরিফ মীর গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
\r\nমুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, “দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে আরিফ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অন্য আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
\r\nসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





