মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মুনাফিকের দল এবং তারা কখনোই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, “অন্তত যত দিন আমি বেঁচে আছি, তত দিন এদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”

আবদুল আউয়াল মিন্টু অভিযোগ করেন, জামায়াতে ইসলামী দেশের উন্নয়নের কথা ভাবে না। তার ভাষ্য অনুযায়ী, দলটি ক্ষমতায় গেলে দেশকে সিরিয়া বা লেবাননের মতো অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেবে। তিনি আরও বলেন, জামায়াত সব সময় সুযোগসন্ধানী রাজনীতি করে এবং সমাজে বিভাজন ও সংঘাত সৃষ্টি করতে চায়।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমার আপনাদের প্রতি আকুল আবেদন, কোনো দিন যেন জামায়াতে ইসলামীর কেউ একটি মেম্বারও হতে না পারে।” তিনি দাবি করেন, জামায়াত উন্নয়ন নয়, বরং সহিংসতা ও বিশৃঙ্খলা চায়।

পথসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান। আবদুল আউয়াল মিন্টু বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে এবং তারেক রহমান সরকারপ্রধান হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের, ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।