মিয়ানমারের মধ্যাঞ্চলে বৌদ্ধদের ধর্মীয় উৎসব চলাকালে সামরিক জান্তার বোমা হামলায় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৮০ জন। মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে চাউং উ শহরে থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব এবং জান্তাবিরোধী বিক্ষোভ একসঙ্গে চলছিল। তখন আকাশ থেকে জান্তা বাহিনী বোমা বর্ষণ করে। মুহূর্তেই উৎসবের আনন্দ পরিণত হয় মৃত্যু আর বিভীষিকায়।
অনুষ্ঠান আয়োজন কমিটির এক সদস্য জানান, ‘হামলার আগে আমরা উপস্থিতদের সতর্ক করার চেষ্টা করি। প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পালাতে সক্ষম হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি মোটরচালিত প্যারাগ্লাইডার এসে সমাবেশের মাঝখানে দুটি বোমা ফেলে। শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।’
তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল থেকে নিহতদের দেহাবশেষ, হাত-পা ও মাংসের টুকরো সংগ্রহ করছিলেন।
চাউং উ শহরের এক বাসিন্দা জানান, বোমা বর্ষণের সময় মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করছিল। তিনি মঙ্গলবার নিহত নয়জনের দাফনে অংশ নিয়েছেন।
দেশটির স্থানীয় গণমাধ্যমও অন্তত ৪০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ হামলার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। জান্তাবিরোধী গণতন্ত্রকামী গোষ্ঠী ও বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন একজোট হয়ে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।





