চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড-সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজনে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহর মাহফিলটি অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
সরেজমিনে মাহফিল এলাকা পরিদর্শন করে দেখা যায়, মাহফিলের মাঠটি চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক-সংলগ্ন, যা যানজটের সৃষ্টি করতে পারে। এজন্য আয়োজক কমিটি প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সাধারণ জনগণকে মাহফিল মাঠে পৌঁছানোর জন্য হেঁটে আসতে হচ্ছে।
\r\nভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের আনোয়ার হোসেন বলেন, \"যানজট নিরসনের জন্য মাহফিল কমিটি যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। কষ্ট হলেও আজকের মাহফিল ঈদের মতো আনন্দদায়ক মনে হচ্ছে।\"
\r\nশিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, \"আজাহারী হুজুরের মাহফিল দেখতে এসেছি। তাকে কাছ থেকে দেখতে পারলে ভালো লাগবে।\"
\r\nজাবালুন নুর ফাউন্ডেশনের অন্যতম আয়োজক হাফেজ গোলাম রাব্বানী বলেন, \"মাহফিলটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এতে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হলেও মাহফিলটি শৃঙ্খলার সঙ্গে আয়োজন করা সম্ভব হবে। আমরা আশা করি ধর্মপ্রাণ মুসলমানরা আমাদের এই উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখবেন।\"
\r\nচাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদর ট্রাফিক শাখার (টিআই-১) মো. আজিজ ফেরদৌস বলেন, \"চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অতিরিক্ত যানজট এড়াতে এবং মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমাদের পুলিশ সদস্যরা নিরলসভাবে সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।\"
\r\nজাবালুন নূর ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এই ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে। মাহফিলের সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী।





