কিছুদিন আগেই অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন জাতীয় দলের আরেক তারকা রদ্রিগো ডি পল। এবার এমএলএস ক্লাবটির লক্ষ্য আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

\r\n

কানাডিয়ান সংবাদমাধ্যম ওয়েকিং দ্য রেড জানিয়েছে, মার্টিনেজকে দলে ভেড়াতে ইতোমধ্যেই তার সঙ্গে আলোচনা শুরু করেছে ইন্টার মায়ামি। সম্প্রতি মূল গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে শার্লট এফসিতে বিক্রি করেছে ক্লাবটি। এ ট্রান্সফার থেকে পাওয়া বড় অঙ্কের জেনারেল অ্যালোকেশন মানি (GAM) দিয়েই অ্যাস্টন ভিলার অভিজ্ঞ গোলকিপারকে কেনার পরিকল্পনা করছে মায়ামি।

\r\n

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন মার্টিনেজ। তবে নতুন মৌসুমের প্রথম ম্যাচে অনুপস্থিতি তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে।

\r\n

রিপোর্ট অনুযায়ী, মার্টিনেজের জন্য ভিলা ১৭ থেকে ৪০ মিলিয়ন ইউরোর মধ্যে ট্রান্সফার ফি চাইতে পারে। সাম্প্রতিক এক ম্যাচ শেষে ভক্তদের সঙ্গে গোলরক্ষকের আবেগঘন মুহূর্তকেও অনেকে বিদায়ী ইঙ্গিত হিসেবে দেখছেন।

\r\n

তবে প্রত্যাশিত অর্থ না পেলে মার্টিনেজকে ছাড়বে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। ফলে এখন দেখার বিষয়, বাজপাখি খ্যাত এই আর্জেন্টাইন গোলরক্ষক শেষ পর্যন্ত মায়ামির জার্সি গায়ে জড়ান কিনা।