মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ানতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

দুর্ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

পাহাং রাজ্যের কুয়ানতানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনার শিকার সবাই একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন গাড়িচালক মো. সাব্বের হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।

গুরুতর আহত অবস্থায় মো. হাবিব বিসাস (৪৫) ও মণিরাম চন্দ্র বাস (৪০)–কে উদ্ধার করে স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (HTAA) ভর্তি করা হয়।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্সের মেয়াদ শেষ হয়ে গেছে গত মে মাসে।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।