মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় অংশ বাংলাদেশের নাগরিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত মালয়েশিয়ায় অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন, যা মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ।
২৫ আগস্ট দেশটির পার্লামেন্টে এক লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার এ প্রতিবেদন প্রকাশ করেছে।
সেখানে বলা হয়, ২০২২ সালে কোভিড-১৯ মহামারির পর সীমান্ত খুলে দিলে মালয়েশিয়ায় নতুন করে ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেন। এরপর ২০২৩ সালে ‘ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যান’ নামে এক বিশেষ পরিকল্পনার মাধ্যমে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে যান।
তবে একই সময়ে উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিককে দেশে ফিরিয়ে পাঠানো হয়েছে। ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে নিয়োগকারীরা ফেরত পাঠান।
অবৈধভাবে অবস্থানের অভিযোগে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ চলতি বছর ৭৯০ জন বাংলাদেশিকে আটক করেছে বলে জানানো হয়েছে।
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, বাংলাদেশ মালয়েশিয়ার স্বল্পদক্ষ শ্রমিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।





