মালয়েশিয়ার সেলাঙ্গার প্রদেশে এক রাতের অভিযানে ৮৯৮ জন অনিবন্ধিত অভিবাসী আটক করা হয়েছে, যার মধ্যে ১৫০ জন বাংলাদেশি। অভিযানটি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে পরিচালিত হয়।

সেলাঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, বিগত চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে শতাধিক দোকানপাট ও বাণিজ্যিক ভবনে তল্লাশি করা হয়।

অভিযানে মালয়েশিয়ান রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়েল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা অংশ নেন।

মোট ১,১৩২ জনের পরিচয়পত্র যাচাই করা হয়; ৮৯৮ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং ১৯ জন নারী। অন্যদের মধ্যে ৬৪৩ জন ইন্দোনেশিয়ান, ৩৫ পাকিস্তানি, ৩৬ মিয়ানমারী, ২৪ নেপালি এবং ১০ ভারতীয়। বাংলাদেশি নারী অন্তর্ভুক্ত কিনা তা জানা যায়নি।

অভিযানের পর সব আটককৃতকে সেলাঙ্গার অফিসে রাখা হয়েছে এবং কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেমেনিয়াহ ইমিগ্রেশন কেন্দ্রে প্রেরণ করা হবে। ইমিগ্রেশন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ জনগণ এবং নিয়োগকর্তাদেরও অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আশ্রয় না দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে। যারা দেশের আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযানের সময় কিছু নিয়োগকর্তা কর্মীদের পাসপোর্ট দিয়ে সহযোগিতা করেছেন, যা প্রমাণ করে সবাই আইন লঙ্ঘন করেনি। তবে ইমিগ্রেশন বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে যাবে এবং কোনো অনিবন্ধিত কর্মী মালয়েশিয়ায় অবস্থান করতে পারবে না।