ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি এবং ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

\r\n

শনিবার (১২ এপ্রিল) সকালে তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে সবার অংশগ্রহণের আহ্বান জানান তারা।

\r\n

ড. মিজানুর রহমান আজহারি লেখেন, “মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সাথে নিয়ে।”

\r\n

শায়খ আহমাদুল্লাহ তার বার্তায় বলেন, “মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন সন্তানকে সাথে নিয়ে।”

\r\n

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। যদিও মূল অনুষ্ঠান বিকেলে শুরু হওয়ার কথা, তবে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মানুষের ঢল নামে। ছোট-বড় মিছিল, হাতে ফিলিস্তিনি ও লা সবুজ পতাকা নিয়ে অংশ নিতে শুরু করেন সাধারণ মানুষ।

\r\n

আয়োজকদের দাবি, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও বিশ্ববাসীকে সোচ্চার করতেই এই আয়োজন। তাদের প্রত্যাশা, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ এ মানবিক কর্মসূচিতে অংশ নেবে।

\r\n

এর আগে শুক্রবার ‘মার্চ ফর গাজা’র প্রতি সমর্থন জানিয়ে দেশের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি ভিডিও বার্তা দেন।